নওগাঁয় অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ অপ্রত্যাশিত ফলাফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তারা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের শেষ কথা নয়। কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও হতাশ না হয়ে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।
বক্তারা সাফল্যমণ্ডিত জীবন গড়ে তোলার বিভিন্ন কৌশল এবং ভবিষ্যতে প্রত্যাশিত ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহ ও মানসিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা, ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান ও জেলা শিক্ষা অফিসার সাহাদত হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। রাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত ২০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



