চাঁপাইনবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিতর্কের ফাইনালে হরিমোহন ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা২০২৬’-এর ফাইনালে উঠেছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

সোমবার (১৭ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জের কল্যাণী মহিলা সংস্থার মার্জিনা হক অডিটরিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি দল এতে অংশ নেয়।প্রতিযোগিতার সেমিফাইনালে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ফুলকুঁড়ি ইসলামিক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ফলে ফাইনালে মুখোমুখি হবে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ফাইনালের তারিখ ও স্থান পরবর্তীতে কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রোকসানা আহমদ ও সাধারণ সম্পাদক মশিউর করিম বাবু।
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল—“দুর্নীতি দমনে আইন নয়, জনসচেতনতাই মুখ্য।” সেমিফাইনালে বিতর্কের বিষয় ছিল—“রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে।” আয়োজকরা জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির কারণ, সামাজিক প্রভাব ও প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে যুক্তিনির্ভর মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের প্রতিযোগিতায়ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে তারা ফুলকুঁড়ি ইসলামিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন—প্রথম বক্তা সাফিয়া আনজুম, দ্বিতীয় বক্তা মুবাশশিরা আনিসা এবং তৃতীয় বক্তা ও দলনেতা তাহিয়া তাসকিন ফারিহা।
এবারও ফাইনালে উঠে শিরোপা ধরে রাখার সুযোগ তৈরি করেছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অন্যদিকে নতুন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ফাইনালে লড়বে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়।



