গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল ও স্টিয়ারিং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে তারেক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার(১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নওগাঁ জেলার পোরশা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেন্টু ওরফে মামুনের ছেলে তারেক(৩০) ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে বড়দাদপুর মোড় এলাকায় মোটরসাইকেল ও স্টিয়ারিং ভুটভুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক তারেক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান বলেন,আহত যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




