শিবগঞ্জে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা

শিবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় শিবগঞ্জ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় তিনি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান।
এ সময় ড. সাইমুম পারভেজ বলেন, জনগণের দোরগোড়ায় আরও উন্নত ও কার্যকর সেবা পৌঁছে দিতে পৌরসভার সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি শিবগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।




