শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় তিনজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি অটোরিকশা ও দেশি অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান শুক্রবার।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং একই উপজেলার পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭) এবং ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭)।
দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গোপন খবর পেয়ে রাত ১২টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ থানার এসআই মো. সাহাদাত আলীর নেতৃত্বে একটি দল মিনু বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।




