ফার্মগেটে অনুষ্ঠিত হলো পবিপ্রবির ৫৮তম রিজেন্ট বোর্ড সভা
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৮তম সভা শনিবার(১১ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (BARC) কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রিজেন্ট বোর্ডের সভাপতি ও পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সভার শুরুতে তিনি উপস্থিত সকল সম্মানিত সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, পবিপ্রবির ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আলিফ রুদাবা, বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মনজুরুল কাদির, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, পবিপ্রবির প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান,পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মতিউর রহমান ও পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিজেন্ট বোর্ডের এ সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।




