শিবগঞ্জে ভারতীয় মাদকদ্রব্যসহ একজন আটক

শিবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ সেরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের টাপ্পুর আমবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টাপ্পুর আমবাগানে অভিযান চালায়। এ সময় মোঃ সেরাজুল ইসলাম (৩৫), পিতা—মোঃ শরিফুল ইসলাম, গ্রাম—জমিনপুর, ডাকঘর—বিনোদপুর, থানা—শিবগঞ্জ, জেলা—চাঁপাইনবাবগঞ্জকে ১৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি Apache RTR-160 সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




