গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ,ব্যবসায়ীকে জরিমানা ও সার জব্দ
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ভাড়া দোকান থেকে ১৩ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যার পূর্বে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা বাজার এলাকার মোশারফের দোকানে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: জিল্লুর রহমান এই অর্থদণ্ড দেন।
এছাড়া উদ্ধারকৃত সার পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের কাছে জমা রাখা হয়েছে। পরে সারগুলো নির্ধারিত দামে কৃষকের কাছে বিক্রি করে সরকারি কোষাগারে জমা করার আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পূর্বে গোপন সংবাদ পেয়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: জিল্লুর রহমান পার্বতীপুর ইউনিয়নের দীঘাবাজারে মোশারফের দোকানে অভিযানে যান। দোকানের ভিতর থেকে ১৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। ওই সময় তিনি স্বীকার করেন সার মজুদ রেখে কৃষকের কাছে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিপণন করতেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিলসহ স্থানীয়রা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো: জিল্লুর রহমান বলেন, ১৩ বস্তা ডিএপি সার উদ্ধারের পর মোশারফকে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া জব্দকৃত সার পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের জিম্মায় দেয়া হয়। তিনি স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দিবেন বলে জানান।



