শিবগঞ্জে টিয়াপাখি উদ্ধার,পাখি শিকারিকে জরিমানা
শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে এক পাখি শিকারিকে আটক করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার (১৬ আগস্ট) সকালে স্থানীয়দের সহযোগিতায় একটি ভুট্টার ক্ষেত থেকে পাঁচটি টিয়াপাখি শিকারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে শিকারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আর কখনও পাখি শিকার করবেন না এই মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
আটকের পর উদ্ধার হওয়া পাঁচটি টিয়াপাখিকে উপজেলা চত্বরে উন্মুক্ত আকাশে অবমুক্ত করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। পাখি অবমুক্ত করার এই কার্যক্রমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও মাজহারুল ইসলাম জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার এবং এর ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও পাখি বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং পাখি শিকার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে বলে তিনি নিশ্চিত করেন।




