নাচোলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ভ্যানচালকের মৃত্যু
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্যের একটি ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর পর সেখান থেকে নয়ন (১৮) নামের এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাহবুবুল জানান,বুধবার (২২ জুলাই) রাতের দিকে ডিলারের গোডাউনটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গোডাউনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা ডাল, তেল ও চিনিসহ বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হলেও কিছু পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।
নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান,আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনের ভেতর তল্লাশি চালিয়ে নয়ন নামের ওই যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ জানান, আগুন নেভানোর চেষ্টার সময় ভেতরে আটকা পড়ে নয়নের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত তরুণ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।




