গোমস্তাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কমল মার্ডি (২৫) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামের সুনিল মার্ডির ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে বাড়ির পাশে তার নানা বসন সরেনের বাড়ির একটি কক্ষে বাঁশের আড়ার সঙ্গে গলায় রশির ফাঁস লাগানো অবস্থায় কমল মার্ডিকে ঝুলতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে নামিয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে গোমস্তাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক সমস্যার কারণে কমল আত্মহত্যা করে থাকতে পারেন।তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।




