চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অতিরিক্ত সার মজুদের অভিযোগে এক সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামের একটি খুচরা ডিলারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে রাসায়নিক সার বিক্রি এবং অবৈধভাবে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী নুর ইসলামকে ১ লাখ টাকা অর্থদণ্ড জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ।
অভিযানে উদ্ধারকৃত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে যথাযথভাবে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযানে সদর উপজেলা কৃষি বিভাগ ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।




