শেরপুরের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১৪ঘণ্টা পর একটি পুকুরে ভেসে ওঠে দুই শিশুর মরদেহ। রোববার রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহতরা হলো-উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) ও এবাদুল ইসলামের ছেলে ইসমাইল (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে দুই শিশু বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। রাত ২টা ৩০ মিনিটের দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ঘটনা স্থলে পুলিশ রয়েছে এবং অপমৃত্যুর আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান।




