চাঁপাইনবাবগঞ্জে শক্তিশালীকরণ ও শিশু অধিকার রক্ষায় সমঝোতা সভা
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদকে আরও গতিশীল, শক্তিশালী এবং শিশু অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ সমঝোতা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এডিপি এবং ঝিলিম ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই সভাটির আয়োজন করা হয়।

সভায় ঝিলিম ইউনিয়ন পরিষদকে বাল্যবিয়েমুক্ত, শিশুশ্রমমুক্ত এবং বিদ্যালয় বর্হিভূত শিশু মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম লুৎফুল হাসান বলেন, "এটি একটি খুব ভালো উদ্যোগ, যা ইতিপূর্বে আমরা একা চেষ্টা করেও খুব বেশি এগিয়ে নিতে পারিনি। তবে এবার ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এডিপি-র সহযোগিতায় আমরা প্রতিটি কমিটিকে শক্তিশালী করে ঝিলিম ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত, শিশুশ্রমমুক্ত ও বিদ্যালয় বর্হিভূত ইউনিয়ন ঘোষণার লক্ষ্যকে সামনে রেখে এক সাথে কার্যক্রম চালিয়ে যাব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এডিপি-র সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল কস্তা। তিনি স্থানীয় সরকারের সাথে একাত্ম হয়ে ইউনিয়ন পরিষদের কমিটিকে শক্তিশালীকরণ এবং শিশু সুরক্ষা পরিষদের মাধ্যমে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান, যেন এলাকার কোনো শিশু সহিংসতার শিকার না হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, ১৩টি স্ট্যান্ডিং কমিটির সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, গ্রাম আদালতের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এডিপি-র কর্মকর্তা এবং স্থানীয় স্বেচ্ছাসেবীগণ।




