খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তার দাবিতে নওগাঁয় এডভোকেসী সভা
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ স্বাস্থ্য সতর্কবার্তা সংযোজনের দাবিতে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে, সিটিজেন নেটওয়ার্ক, সাপ্তাহিক প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
এসময় জেলা খাদ্য অফিসার মো. ফরহাদ খন্দকার,সহকারি খাদ্য অফিসার আব্দুল্লাহ আল ইমরান, ব্র্যাক নওগাঁ জেলা ডিস্ট্রিক্ট কো-অডিনেটর মো.আবুল কালাম আজাদ, বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী প্রভাষক জাকিরুল ইসলাম,রিপন সরদার,মাসুদ পারভেজ, গ্রীন টিভির নওগাঁ জেলা প্রতিনিধি শাহরিয়ার শাওনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এডভোকেসী সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমানে দেশে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত চিনি, সোডিয়াম (লবণ) ও অস্বাস্থ্যকর ফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত ও মোড়কাবদ্ধ খাদ্যের অতিরিক্ত গ্রহণ প্রতিরোধ করতে খাদ্যের মোড়কের সামনের অংশে সহজবোধ্য স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল সংযোজন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য দাবী জানান।

এছাড়া দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশের জোর দাবি জানানো হয়।
এসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণের জন্য সংশ্লিস্ট বিষয়ের দাবী সম্বলিত আবেদন পত্র হস্তান্তর করা হয়।



