ভোলাহাটে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা দুই শিশু আদমপুর গ্রামের রাজুর ছেলে (২ বছর ৬ মাস) এবং একই এলাকার সানাউল্লাহর ছেলে নূর হোসেন (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য খনন করা পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে পানিতে দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে বাইরে আনা হলে ততক্ষণে শিশু দুটির মৃত্যু হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।




