চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ-এ আমবাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তদন্ত চলছে।
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে শিহাব আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকালে শিবগঞ্জ পৌর এলাকার চন্ডিপুরের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার তদন্ত ওসি এসএম শাকিল হাসান এ তথ্য আমাদের নিশ্চিত করেছেন।

নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে শিহাব। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় তার খালার বাড়িতে থাকতেন এবং খালার বাড়িতে থেকে বিদেশ যাওয়ার জন্য জাপানি ভাষা শিখছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন,শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। শনিবার বিকালে চন্ডিপুরের একটি আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার তদন্ত ওসি এসএম শাকিল হাসান বলেন,শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নেশা জাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে। হত্যা আগে শিহাবসহ হত্যাকারীরা মাদক গ্রহণ করে থাকতে পারেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।




