গোমস্তাপুর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
গোমস্তাপুর প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোবাইল ফোন জব্দ করে। চোরাচালান রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

সীমান্তবর্তী এলাকা রামদাসপুরের বড়বিল নামক স্থানে গত মঙ্গলবার রাতে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। রামদাসপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আতিকের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ভারতীয় ইস্কাফ সিরাপ সাধারণত নিষিদ্ধ ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। জব্দ করা মাদকদ্রব্য এবং মোবাইল ফোনটি পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ রোধে তাদের এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।




