জুলাই শহীদদের স্মরণে দুমকিতে আলোচনা সভা
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু মৃধা,গণঅধিকার পরিষদের সভাপতি মুন্না জহির, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম (সহিদ সরদার), দুমকি মফস্বল ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাইয়ের আন্দোলনের যোদ্ধা আমিনুল ইসলাম ইফতি ও আমিনুল মৃধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে তারা শহীদ পরিবারের সদস্য এবং জুলাইয়ের আন্দোলনের যোদ্ধাদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।

তারা আরও বলেন, তাদের অবদান যেন কোনোদিন বিস্মৃত না হয় এবং তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



