চাঁপাইনবাবগঞ্জে ছয় ডাকাত গ্রেফতার
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি আম ব্যবসায়ীর পরিচয়ে ভাড়া নিয়ে অবস্থান করছে। তাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম এর নেতৃত্বে থানা পুলিশ ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ পুলিশের যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় ৬ জনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায় ।
পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নাম্বারপ্লেটবিহীন একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বেতবাড়িয়া এলাকার বুলবুল আলীর ছেলে ইমরান হোসেন (২২),কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন জুনিয়াদহ এলাকার সেকেন্দার মন্ডলের ছেলে সাইফুল মন্ডল (৪০),পাবনা জেলার ইশ্বরদী থানাধীন মাইজদিয়া নতুনপাড়ার আব্দুল জলিল এর ছেলে মুন্না হাসান (১৯),পাবনা জেলার ইশ্বরদী থানাধীন থানাপাড়ার শওকত আলীর ছেলে আসিফ হোসেন (২১),পাবনা জেলার ইশ্বরদী থানাধীন মাইজদিয়া নতুনপাড়ার আব্দুর রকিব আলীর ছেলে শান্ত (২৭),পাবনা জেলার ইশ্বরদী থানাধীন বড়ইচারা এলাকার আবু তালেব আলীর ছেলে রতন আলী (৩৫),পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি,ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা এর আগেও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে পুলিশের দাবি।
অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে একটি ২৪ ইঞ্চি বোল্ট কাটার,একটি লোহার রড,একটি লোহার হাতুড়ি,একটি দুফলা ধারালো অস্ত্র,দুটি হাঁসুয়া এবং একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপ। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



