কুমিল্লায় গাঁজাসহ নারী আটক

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত এক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ শিবেরবাজার বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার বিওপির গেটসংলগ্ন সড়কে সন্দেহভাজন একটি যাত্রীবাহী অটোগাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়িতে অবস্থানরত মোসাঃ বেগম (স্বামী- মৃত খালেক মিয়া) নামে এক নারীর কাছ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক নারী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষ্মীপুর ডাকঘরের অধীন বাডবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।




