চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের,ব্যর্থ করলো বিজিবি-জনতা
শিবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের একটি প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিজিবি।

এতে বলা হয়,গত শুক্রবার রাত প্রায় ১১টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির বিপরীতে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে আনুমানিক ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় বিএসএফ সীমান্তের নিরাপত্তা বাতি (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ করে কিছু লোকের সমাগম ঘটিয়েছে,এমন তথ্য পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান গ্রহণ করে।
বিজিবি জানায়,গোয়েন্দা (সোর্স) তথ্য অনুযায়ী, প্রায় ১২ জন ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছিলেন। পরিস্থিতি বিবেচনায় বিজিবির সদস্যরা স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয়,ফলে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত হয়। পরে একই সূত্রে জানা যায়,শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের মালদা হোল্ডার সেন্টারে নিয়ে যায়।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিজিবি সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সীমান্তে একই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।



