চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ২০ জনকে পুশইনের চেষ্টা’ প্রতিহত করেছে বিজিবি
শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শুক্রবার গভীর রাতে এ চেষ্টা চালানো হয় বলে জানিয়েছেন মহানন্দা ব্যাটলিয়ন ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আজ শনিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়,শুক্রবার গভীর রাতে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) ২০ জনকে চৌকা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
তাদের মধ্যে ১১ জন নারী,চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছে। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
এদিকে বাধার মুখে ওই ২০ জন প্রথমে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডসংলগ্ন ভারতীয় অংশে অবস্থান নিয়েছিলেন,পরে শনিবার বেলা ১২টার দিকে বিএসএফ তাদের কাঁটাতারের ওপাশে ফিরিয়ে নেয় বলে স্থানীয় ইউপি সদস্য বাদশাহ আলী জানান।
তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিদের পরিচয়,তারা কোন দেশের বাসিন্দা কিংবা কীভাবে সীমান্তে আনা হয়েছিল-এসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে শনিবার সকালে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন,টহল দলের তৎপরতায় ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।




