চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ একজন গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে সিএনজিচালিত অটোরিকশায় করে পাচারকালে বিজিবির অভিযানে ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদক ডিএক্স সিরাপ জব্দ করা হয়েছে। এসময় মো. ফরিদ (৪৫) নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার হয়। এ ছাড়া জব্দ করা হয়েছে অটোরিকশাটি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ফরিদ শিবগঞ্জের কানসাট চককীর্তি এলাকার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সিএনজিচালিত অটোরিকশায় করে মাদক পাচারের গোপন খবরে অভিযান চালানো হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হবে।
তিনি আরো বলেন, গত ৩ মাসে ৫৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ বোতল ফেনসিডিলের বিকল্প বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে।
চোরাচালান প্রতিরোধে সীমান্তে সার্বক্ষণিক নজর রাখছে বিজিবি।




