চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জ-এ হেরোইনসহ একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদকবিরোধী অভিযানে জব্দকৃত আলামতসহ তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে।
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৩ গ্রাম হেরোইনসহ নাইম ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজারের রাস্তা থেকে এই পরিমাণ হেরোইনসহ তাকে আটক করা হয়।

আটক যুবক শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যবাজার গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।
১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে ১৬ বিজিবির রহনপুর বিওপির কমান্ডার সুবেদার মো. আব্দুস সালাম মন্ডলের নেতৃত্বে ওই এলাকায় টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। টহল দেয়ার সময় বোয়ালিয়া কাউন্সিল বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় একটি মোটরসাইকেল আরোহী শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যবাজার গ্রামের নাইম ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃত নাইম ইসলামকে মাদকদ্রব্য, মোটরসাইকেলসহ গোমস্তাপুর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু, মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।




