দুমকিতে ইয়াবাসহ যুবক আটক
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি :পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানার এএসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লেবুখালী চেকপোস্টে দায়িত্ব পালনকালে বরিশালের রুপাতলী এলাকা থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালান। এ সময় যাত্রীবেশে থাকা মোঃ সাখাওয়াত হোসেনের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
আটক সাখাওয়াত হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের জয়গোরহাট গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দুমকি থানার এসআই (নিঃ) তাওহিদুর রহমান মোল্লার ওপর ন্যস্ত করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, মাদক পাচার ও কারবার রোধে দুমকি থানার নিয়মিত চেকপোস্ট কার্যক্রম এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




