নাসিরনগরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিল মা
সুজিত কুমার চক্রবর্তী,স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে সোপর্দ করেছে এক অসহায় মা।
রবিবার ২ আগস্ট ২০২৬খ্রি: দুপুরে প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে ধরে পুলিশে দেন মা পারভীন আক্তার। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ড পাওয়া দুই ভাই হলেন দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। দুলাল ও মতি উপজেলা ধরমন্ডল গ্রামে ৮ নং ওয়ার্ডের মৃত আজদু মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত দণ্ড দেওয়ার পর তাঁদের কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মা পারভীন আক্তার পাঁচ ছেলের মধ্যে দুই ছেলে কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য তাঁরা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছেন তাঁদের মা।
সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে পড়েন। কথায় কথায় মাকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন তাঁরা। আজ রোববার সকালে মায়ের কাছে টাকা দাবি করেন দুই ভাই। মা টাকা দিতে রাজি না হলে দুই ভাই মিলে ঘরের আসবাব ভাঙচুর করতে থাকেন এবং মাকে হত্যার হুমকিও দেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দুই ভাইকে পুলিশে সোপর্দ করেন মা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া গত শুক্রবার উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতিকুড়া গ্রামের এক মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এক অসহায় পিতা।পরে ভ্রাম্যমাণ আদালত আদালতে মাধ্যমে মাদকসেবী মোঃ নজরুল (২৬)কে আট মাষের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরীন। দন্ড পাওয়া মোঃ নজরুল আতোকুড়া গ্রামের বরজু মিয়ার ছেলে। পরে পুলিশ জেল হাজতে প্রেরণ করেন।




