সারাদেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম নির্মাণ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারাদেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। দ্বিতীয় ধাপের আমাদের কার্যক্রম শুরু হয়েছে।
বর্তমানে জমি অধিগ্রহণের কাজ চলমান। জেলা প্রশাসন যত দ্রুত সহযোগিতা করবে, তত দ্রুত কাজ বাস্তবায়ন হবে।

তখন সারা দেশের মতো গোপালপুর, ভূঞাপুরসহ বিভিন্ন উপজেলায় মিনি স্টেডিয়াম হবে।
শনিবার (১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৪ হাজার ৫৯৩টি ইউনিয়নে খেলা উপযোগী মাঠ তৈরি করতে চাই। এছাড়াও খেলাধুলার মাধ্যমে আমরা সুস্থ জাতি গড়ে তুলতে চাই।
মোবাইলফোনসহ বিভিন্ন আসক্ত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। সর্বোপরি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। খেলাধুলার মাধ্যমে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় আমূল পরিবর্তন করতে চাই।
খেলায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, সংসদ সদস্য রবিউল আউয়াল লাবলু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া প্রমুখ।

খেলায় ১-০ গোলে গোপালপুর উপজেলাকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। প্রায় দুই যুগ পর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অন্তত লক্ষাধিক দর্শক খেলা উপভোগ করেন।



