চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টা পর দূরপাল্লার বাস চলাচল শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ রাজশাহী ও নাটোরের মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বন্ধ থাকা বাস আবার চালু হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার দুপুর পৌনে ২টা থেকে বাস চলাচল শুরু হয়।
এর আগে, গত মঙ্গলবার দুপুর ২টার দিক থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোর হয়ে রংপুর রুটে অতিরিক্ত বাস সংযোজনকে কেন্দ্র করে নাটোর ও রাজশাহী বাস মালিকদের বিরোধে বন্ধ হয়ে যায় নাটোর-রাজশাহী রুটের বাস চলাচল। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকেও বন্ধ হয়ে যায় দূর পাল্লার বাস চলাচল। এর একদিন পর বুধবার দুপুরে সংশ্লিষ্ট জেলাগুলোর মালিকদের মধ্যে এক বৈঠকে সমঝোতা হওয়ায় বাস চলাচল শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জ ঢাকা বাস টার্মিনালের টিকেট কাউন্টার মাস্টারদের সংগঠন “ঢাকা কোচ মাস্টার সমিতি”র সাধারণ সম্পাদক ও দেশ ট্রাভেলসের চাঁপাইনবাবগঞ্জের ম্যানেজার শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।




