চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে বারি উদ্ভাবিত আমের বাণিজ্যিক জাত পরিচিতি ও উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র চত্বরে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বারি, গাজীপুরের সেবা সরবরাহ বিভাগের পরিচালক ড. মোশারফ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পার্টনার প্রকল্প (বারি অঙ্গ)’র এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. জগদিস চন্দ্র বর্মন| সূচনা বক্তব্য দেন জেলা লাক্ষা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এম মাহবুবুল আলম। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স (পার্টনার, বারি অঙ্গ)-এর অর্থায়নে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র আয়োজিত আলোচনাকালে বক্তারা বারি উদ্ভাবিত বারি-৪, বারি-১১সহ অন্যান্য আম নিয়ে বিশদ আলোচনা করেন এবং উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদন করলে দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানির সুযোগ সৃষ্টির আহ্বান জানান। মাঠ দিবসে অংশগ্রহণকারী আমচাষিরা এই আলোচনা থেকে উদ্বুদ্ধ হন এবং আগামীদিনে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনের কথা বলেন।




