চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাহারাজপুর ফিল্টারহাট এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হাসিব মাহারাজপুর ফিল্টারহাট গ্রামের আব্দুল বাশিরের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, হাসিব তার আরও দুই বন্ধুকে নিয়ে পিকনিকে এসে মহানন্দা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে হাসিব নিখোঁজ হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম বলেন,মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে।




