শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ

শেরপুর প্রতিনিধি:ময়মনসিংহ, শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
বৃহস্পতিবার ও শুক্রবার হালুয়াঘাটের কাটাবাড়ী এবং শ্রীবরদীর মেঝেপাড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি।
এ সময় উদ্ধার করা হয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বডি স্প্রে-সহ বিভিন্ন ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।




