দুমকিতে ঈদের আনন্দ ছড়িয়ে দিল হিলফুল ফুজুল
দুমকি উপজেলায় ২ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলফুল ফুজুল সেবা সংঘ এর উদ্যোগে পটুয়াখালীর দুমকি উপজেলায় ২ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১ মার্চ) সকাল ১০টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ দুমকি তালুকদার বাড়িতে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, সেমাই, চিনি, দুধ, সাবান, লুঙ্গি, শাড়ি এবং নগদ অর্থ প্রদান করা হয়।
হিলফুল ফুজুল সেবা সংঘের সভাপতি ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম মৃধা কলেজ এর সহকারী অধ্যাপিকা শাহারিয়া সারমিন, বিশিষ্ট সমাজসেবক জালাল আহমেদ তালুকদার, যুবদল পটুয়াখালী সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন আল মামু এবং পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক মোঃ হোসাইন আহমেদ (কবির হাওলাদার) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।




