ফায়ারিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর আয়োজিত এ প্রতিযোগিতা সেনাসদস্যদের দক্ষতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় সৈনিক পিয়াল মন্ডল (১৭ পদাতিক ডিভিশন) শ্রেষ্ঠ ফায়ারার, সৈনিক তানভীর হোসেন (১০ পদাতিক ডিভিশন) দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং সৈনিক জবা আক্তার (২৪ পদাতিক ডিভিশন) শ্রেষ্ঠ মহিলা ফায়ারার নির্বাচিত হন।
অনুষ্ঠানে সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




