বদলগাছী থানার ওসি তদন্ত এর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
এ.বি.এস রতন স্টফ রিপোর্টার :নওগাঁর বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নজরুল ইসলামের বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাহিদ হোসেন নামে এক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে শাহিদ হোসেন উল্লেখ করেন, বদলগাছী বাসস্ট্যান্ড এলাকার বিকাশ ব্যবসায়ী মো. শাকিল হোসেনের কাছে তার ৪ লাখ টাকা পাওনা রয়েছে। ওই টাকা আদায়ের লক্ষ্যে তিনি নওগাঁর ৫ নম্বর আমলি আদালতে একটি সিআর মামলা (মামলা নং-১০৩/২৬) দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা হয়।
অভিযোগে শাহিদ হোসেন আরও বলেন, মামলাটির তদন্তভার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের ওপর ন্যস্ত হওয়ার পর তিনি তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানান। এ সময় তার কাছে উৎকোচ (ঘুষ) দাবি করা হয় বলে তিনি অভিযোগ করেন। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে তদন্ত কর্মকর্তা তার ওপর অসন্তুষ্ট হন এবং পরবর্তীতে আদালতে একটি পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
শাহিদের দাবি, তদন্ত কর্মকর্তা বিবাদীপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে সঠিক তদন্ত না করে মনগড়া ও অসত্য তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি জমা দিয়েছেন। তিনি এ তদন্ত প্রতিবেদনটি পুনঃপর্যালোচনা করে নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।
অভিযোগের অনুলিপি রাজশাহী রেঞ্জের ডিআইজি ও নওগাঁর পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম মুঠোফোনে জানান, "এ বিষয়ে আমি এখনো কিছু জানি না।"
অন্যদিকে নওগাঁর পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম মুঠোফোনে বলেন, "অভিযোগ হাতে পেলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মাধ্যমে বিষয়টি তদন্ত করে দেখা হবে।



