যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধিঃ যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুইটি ককটেলসহ মো. জাকারিয়া ইসলাম রনি (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার (১১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকারিয়া যশোর সদর উপজেলার বেজপাড়া এলাকার মনিরুল শেখের ছেলে।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানায়, বুধবার দুপুর ১২টা ১০ মিনিটের সময় বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন জাকারিয়াকে আটক করার পর উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুইটি ককটেল বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জব্দ করে আসামিকে নিজেদের হেফাজতে নেয় র্যাব।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে জব্দকৃত আলামতও থানায় জমা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দেশে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




