চলন্ত অটোরিকশার ওপর গাছ চাপায় প্রাণ গেল নারীযাত্রীর,স্বামী হাসপাতালে
মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী আজিজুন নেছা (৫০) উপজেলার সুড়িকান্দি গ্রামের বাসিন্দা এবং জমির উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাসেরবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি শুকনো গাছ হঠাৎ ভেঙে গাড়িটির ওপর পড়ে। এতে অটোরিকশার চালক, আজিজুন নেছা এবং তাঁর স্বামী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত চালক ও নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ বুধবার বিকেলে জানান, অটোরিকশায় গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলে মারা যান। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের সিলেটে পাঠানো হয়েছে।
এদিকে, বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন; খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




