নাসিরনগরে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা
সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টারঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শাশুড়ির সঙ্গে ঝগড়ার পরে অভিমান করে ইঁদুর মারার বিষ খেয়ে সুজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত সুজিনা আক্তার উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্যপাড়া এলাকার টাইলস মিস্ত্রি ছানাউল মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাটশালা গ্রামের মন্নর আলীর মেয়ে সুজিনা আক্তারের সঙ্গে রসুলপুর গ্রামের এনামুল হকের ছেলে ছানাউল মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের স্বামী ছানাউল মিয়া জানান, বুধবার সন্ধ্যায় তার মা আছিয়া বেগমের সঙ্গে সুজিনার সন্তানদের বিষয় নিয়ে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এতে অভিমান করে সুজিনা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী পরিষ্কার (স্টমাক ওয়াশ) করলেও চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




