নিয়ামতপুরে বাড়ীর সামনে পড়েছিল অটোচালকের মরদেহ
তৈয়বুর বহমান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ বাড়ীর উঠানের দরজায় পড়েছিল অটোরিকশা (দোলনা) এবং চালক কামাল হোসেনের (৩৫) মরদেহ। গত ৫ই আগষ্ট ২০২৬ বুধবার দিবাগত রাত এগারোটার দিকে অপেক্ষমান স্ত্রী বাড়ীর ভিতরের দরজা খুলে উঠানে বেরিয়ে আসলে দেখেন তার স্বামীর নিথর দেহটি পড়ে রয়ছে উঠানের দরজার সামনে। গলায় ছিল ক্ষতের চিহ্ন। আর পাশেই দাঁড়িয়ে রয়েছে আয় উপার্জনের দোলনা গাড়িটি।

আকস্মিক এমন দৃশ্যে তিনি হতবিহবল হয়ে চিৎকার করলে রাতের আধার ভেদ করে ছুটে আসেন পাড়া- প্রতিবেশীরা। এরপর খবর দেয়া হয় থানা পুলিশকে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনে। নিহত কামাল মুন্দিখৈর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
রহস্যজনক মৃত্যুর এমন ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত ১১ টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামে।
জানা যায়, কামাল হোসেন প্রতিদিনের মতই বুধবার সকালে গাড়ি নিয়ে বের হন। সারাদিন দোলনা দগাড়ি চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেন। এরপর পরিবারের সাথে দেখা করে তিনি নিকটবর্তী ভেরেন্ডী বাজারে যাওয়ার কথা বলে বেরিয়ে পড়েন। এরপর রাত ১১ টার দিকে তার মরদেহ পাওয়া যায় তারই বাড়ির উঠানের দরজার সামনে।
নিহতের স্ত্রী সামিয়ারা জানান, স্বামীর খোঁজখবর নিতে রাত সাড়ে আটটার দিকে স্বামীর নাম্বারে ফোন করে শেষ কথা হয় তার। এরপর কামালের বাড়ি ফিরতে দেরি হলে রাত ১১ টার দিকে বাড়ির সদর দরজার বাইরে এসে দেখি অটো ভ্যানের পাশে পড়ে আছে কামালের মৃত দেহ। গলায় আঘাতের চিহ্ন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।




