নাসিরনগরে শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও গরু পুড়ে ছাই

সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের বড়ইউড়ি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৩ জুন) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গ্রামের বাসিন্দা সঞ্জয় দেবনাথের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা তিনটি গরু, ধান, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ অর্থসহ প্রয়োজনীয় সকল মালামাল পুড়ে যায়। মুহূর্তের মধ্যেই পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও সহায়-সম্পদ আগুনে ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন মানবেতর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে।তাছাড়াও উক্ত অগ্নিকান্ড ছড়িয়ে পড়ে পাশের বাড়ির বামাচরণ দেবনাথ ছেলে আরাধন দেবনাথ এবং মৃত বিরেন্দ্র দেবনাথের ছেলে রাজেন্দ্র দেবনাথের বসত ঘর ২ টি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে। তারা সরকারি ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।




