রামুতে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে রামু থানার এসআই (নি.) মোহাম্মদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মৃত আক্তার কামালের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল ইয়াবা ট্যাবলেটসহ মাবিয়া বেগম ওরফে আমেনা (৬৫) নামের এক নারীকে আটক করা হয়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, তল্লাশির সময় ওই বাড়ির খাটের নিচ থেকে ১,০৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাবিয়া বেগম ওরফে আমেনা নামের এক নারীকে আটক করা হয়েছে। তিনি মৃত আক্তার কামালের স্ত্রী এবং একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




