২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ফলে সড়ক পথে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।
রবিবার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপরে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহনের মধ্যে ১৮ হাজার ৩৬টি যানবাহন ছিল উত্তরবঙ্গগামী। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।
অপরদিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত কয়েকদিনে রাজধানীতে ফিরতে মানুষের চাপ ছিল। এতে সেতুর ওপর একাধিক দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হয়েছিল।




