চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখোর আলী ঘাটে মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদিকে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজ হয়েছেন।

মৃত শিক্ষার্থীরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রেফাজি পাড়ার জিয়াম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও তেররশিয়া গ্রামের আলিমের ছেলে রাসেল (১৭)। তারা সুবাগ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ ও স্থানীয়রা জানান, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি না ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় রিফাত ও রাসেল। গোসলের একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৫ সদসের একটি ডুবরি দল রাজশাহী থেকে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘন্টা অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহায়চরে মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর আরামবাগ গ্রামের রুহুল আমিনের ছেলে সাকিরুল ইসলাম (৩৫)।
খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।




