প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চাঁপাই প্রেস ডেস্ক:আমি আবুল কাশেম চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সম্প্রতি আমার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের যে অভিযোগে বিভিন্ন অনলাইন ও ফেসবুক পেজ প্রকাশিত করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমার দীর্ঘ কর্মজীবনের অর্জিত সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে।

আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ গুলোর প্রেক্ষিতে আমার সুস্পষ্ট বক্তব্য নিচে তুলে ধরছি। ভবন মেরামতের বরাদ্দ নিয়ে মিথ্যাচার। ২০২২ সালে বিদ্যালয় ভবন মেরামতের জন্য বরাদ্দকৃত ২ লাখ টাকা কোনো কাজ না করে আত্মসাৎ করা হয়েছে—এই অভিযোগটি সম্পন্ন মিথ্যা। প্রতিটি কাজ নিয়মানুযায়ী সম্পন্ন করা হয়েছে এবং যথাযথ বিল-ভাউচারের মাধ্যমেই তা সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের রেকর্ডপত্র পরীক্ষা করলেই সত্যতা প্রমাণিত হবে।যেকোনো প্রকার অনিয়ম সেখানে ঘটেনি আমি নিশ্চিত এবং অটল।
সম্পদ বিক্রির মিথ্যা অভিযোগ।বিদ্যালয়ের সিলিং ফ্যান অ্যাম্পলি ফায়ার লোহা বা বেঞ্চ বিক্রির যে কাল্পনিক গল্প সাজানো হয়েছে।তা হাস্যকর এবং ভিত্তিহীন। বিদ্যালয়ের প্রতিটি সম্পদই এখন সংরক্ষিত এবং ব্যবহারের উপযোগী। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের সম্পদ সুরক্ষা আমার নৈতিক দায়িত্ব। যা আমি আজীবন পালন করে এসেছি।
SLIP ও অন্যান্য বরাদ্দে অনিয়ম! School Level Improvement Plan (SLIP) বা অন্যান্য খাতের অর্থ বরাদ্দ যথাযথ নিয়ম মেনে বিদ্যালয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং সরকারি নির্দেশিকা অনুসরণ করে ব্যয় করা হয়েছে। এখানে কোনো প্রকার ভুয়া বিল-ভাউচার তৈরির প্রশ্নই আসে না। আমি দীর্ঘ কর্মজীবন সততা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করেছি এবং আজ আমার চাকরির শেষ পর্যায়ে এসে একটি মহল আমাকে সামাজিক ও মানসিকভাবে হেয়প্রতিপন্ন করার চক্রান্ত করছে। বিদ্যালয়ের কিছু অভিভাবকের নাম ব্যবহার করে যে ভিত্তিহীন অভিযোগ দাখিল করা হয়েছে তা আমাকে ফাঁসানোর একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র মাত্র।

আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি যে- এই অভিযোগের প্রেক্ষিতে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা করা হোক। আমি যেকোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত আছি। সত্য উদ্ঘাটিত হলে এই মিথ্যা অপপ্রচারের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আমার সহকর্মী, শিক্ষার্থী,অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি! আপনারা কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আইন ও ন্যায়ের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।
প্রতিবাদে বিনীত
মো.আবুল কাশেম
প্রধান শিক্ষক:
পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।



