শিবগঞ্জে চোরাই মোটরসাইকেল সন্দেহে দুই গ্রুপে সংঘর্ষ

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ১৫ রসিয়া আমতলা গ্রামে মোটরসাইকেল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়,গত ২৫ মার্চ বিকেলে একটি এপাচি ১৫০ সিসি মোটরসাইকেলকে চোরাই দাবি করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে ২৬ মার্চ দুপুরে দুই পক্ষ ইসমাইল হোসেন গ্রুপ (আমতলা পূর্বপাড়া) ও সাদ্দাম-মানিকুল-কালু গ্রুপ (আমতলা পশ্চিমপাড়া) এর মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এটি একটি পারিবারিক বিরোধ। বিষয়টি মীমাংসা হয়েছে এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




