দুমকিতে চলাচলের রাস্তায় গাছ রোপণ ও বেড়া,চরম ভোগান্তিতে বৃদ্ধসহ শিক্ষার্থীরা
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তায় গাছ রোপণ ও বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মনির ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার(২৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, কোনো পূর্ব নোটিশ বা বৈধ কারণ ছাড়াই হঠাৎ করে ওই রাস্তায় বেড়া দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। এতে অন্তত ১০টি পরিবারের নারী, পুরুষ ও শিশুদের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ফলে তারা বাড়ি থেকে বের হওয়া, স্কুল-কলেজে যাওয়া এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনে চরম দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগী নুর ইসলাম, ফোরকান আলী, আব্দুর রাজ্জাক হাওলাদার, ফাতেমা বেগম, রুপবান বিবি ও কবির হাওলাদারসহ একাধিক ব্যক্তি জানান, লেবুখালী ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মনির ফকিরের নেতৃত্বে শাহজাহান সিকদার ও আইয়ুব আলী শরীফসহ কয়েকজন ব্যক্তি ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের একমাত্র চলাচলের পথটি বন্ধ করে দিয়েছেন। এতে বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।
তারা দ্রুত রাস্তাটি উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে স্থানীয়দের মতে, ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




