সুনামগঞ্জে গণধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অপর একজনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ছাতক উপজেলার হাসামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মতিউর রহমান মতিন, একই গ্রামের মো. খোয়াজ আলীর ছেলে দিলদার হোসেন এবং একই উপজেলার কামারগাঁও গ্রামের হাবিবুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় উপজেলার কামারগাঁও গ্রামের ইস্কান্দর আলীর ছেলে মো. আব্দুস সুবহানকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, নির্যাতিতা নারী ২০১৭ সালে ছাতক উপজেলার হায়দরপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা পাস করেন। ২০২১ সালের ১১ আগষ্ট সাড়ে ছয়টায় বাড়ি হতে বের হয়ে পাশের নানার বাড়ি জিয়াপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ওই পথ থেকেই কৌশলে সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে নিয়ে মতিন ও দিলদার হোসেন জোরপূর্বক ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে ওখান থেকে পাশের কামারগাঁও গ্রামের আসামি বিল্লাল হোসেন এর বাড়ির রান্না ঘরে নিয়ে ওই গ্রামের বিল্লাল হোসেন ও কামরান হোসেন আরেক দফা পালাক্রমে ধর্ষণ করেন।
এই ঘটনায় নির্যাতিতার বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ শুনানী শেষে সোমবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন।
আদালতের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শামসুর রহমান গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন দণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।




