অসহায় দুস্থ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
মৌলভীবাজার প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাঠানো পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মধ্যে শাড়ি, থ্রি-পিস, হাজি রুমাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সবাই এসব সুবিধা পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে আনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু'র সহধর্মিণী ফৌজিয়া আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নসিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সহসাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।
উপজেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৬৪৫ জন উপকারভোগীর মধ্যে শাড়ি, থ্রি-পিস ও হাজি রুমাল বিতরণ করা হয়। এ ছাড়া ৬৪৫ জনকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৬ লাখ ৪৫ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।




