শিবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় তিনজনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হাজীপাড়া এলাকায় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে বহনের দায়ে তিনজনকে জরিমানা

শিবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় তিনজনকে জরিমানা

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হাজীপাড়া এলাকায় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে বহনের দায়ে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সদস্যরা। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৭(ক)(গ) ধারায় অভিযুক্ত তিনজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মাটি বহনে ব্যবহৃত গাড়ির তিনটি ব্যাটারি জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, তেমনি খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলে। জনস্বার্থে এ ধরনের অভিযানে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।