চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৮০ গ্রাম হেরোইনসহ টিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১, রাজশাহী। শুক্রবার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের পাঠানপাড়া এলাকার একটি ব্রিজের ওপর অভিযান চালায়।
অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত টিয়া (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ফুল প্যান্টের ডান পকেটে থাকা দুটি পলিথিন প্যাকেট থেকে ১৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূল ও অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




